ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

বিচার দাবি রাকসুর: রাবিতে জুলাই অভ্যুত্থানবিরোধী ৩০০ শিক্ষকের তালিকা জমা

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:52 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় তিনশত শিক্ষকের একটি নতুন তালিকা উপাচার্যের কাছে হস্তান্তর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই তালিকা জমা দিয়ে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। তালিকায় উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় তৎকালীন রাবি প্রশাসন ও আওয়ামীপন্থী শিক্ষক সমাজের (মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ) ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবিকে গুরুত্ব না দিয়ে উপেক্ষামূলক মনোভাব দেখিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের হুমকি, চাপ ও অপপ্রচারের আশ্রয় নিয়েছেন, যা শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী।

তালিকা হস্তান্তর শেষে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো জুলাই বিপ্লববিরোধী অপপ্রচার চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করতে বাধ্য হব। হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যপদ, অনলাইন অ্যাক্টিভিটি এবং মাঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে বলে তিনি জানান।

রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বলেন, ৫ আগস্টের পর একাধিকবার দাবি জানানো এবং তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। এছাড়া ক্যাম্পাসে সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের পোস্টার দেখা গেছে, আমরা এরও বিচার চাই।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছি। এই প্রক্রিয়াকে দ্রুত গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা চলছে। চূড়ান্ত বিচার কার্যক্রম কত দিনের মধ্যে শেষ হবে, তার একটি সুনির্দিষ্ট সময়সূচি খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের সাম্প্রতিক পোস্টারিংয়ের বিষয়ে তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।