ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

প্রতিশ্রুতির তিন মাস পরও চালু হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ই-কার’ সেবা

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: নানা সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশবান্ধব ‘ই-কার’ সেবা গত তিন মাসেও চালু করা যায়নি। ফলে ক্যাম্পাসে যাতায়াতের জন্য বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচল সহজ করতে গত বছরের অক্টোবরে ১৫টি ই-কার চালুর ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। নভেম্বরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে ৫টি গাড়ি চালু করা হলেও চালকদের লোকসান, আশানুরূপ আয় না হওয়া, ভাড়ার জটিলতা এবং রাজশাহীতে যান্ত্রিক ত্রুটি মেরামতের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে সেবাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে সময় এক সংবাদ সম্মেলনে রুয়া জানিয়েছিল, ৪ এপ্রিলের মধ্যে নতুন নিয়মে গাড়িগুলো পরিবহন দপ্তরের অধীনে পুনরায় চালু করা হবে। তবে সেই প্রতিশ্রুতি তিন মাসেও বাস্তবায়ন হয়নি।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী শেখ রাফিন আহমেদ ও সাধারণ শিক্ষার্থী ফুয়াদুল ইসলাম ভুঁইয়া জানান, যথাযথ ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবেই মাত্র ৪ মাসের মাথায় এই সেবাটি বন্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে চললে এখানে না পারার যৌক্তিক কারণ নেই। যোগাযোগ করা হলে রাকসুর এজিএস সালমান সাব্বির জানান, বিষয়টি সম্পূর্ণ রুয়ার আওতাধীন, তাই সেবা বন্ধ বা চালুর বিষয়ে তারাই ভালো বলতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম বলেন, ই-কার চালুর বিষয়ে আমি দায়িত্ব নেওয়ার পর রুয়ার সাথে কোনো কথা হয়নি। এর পরিচালন ব্যয় ও সক্ষমতা বিবেচনা করে প্রশাসন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। রুয়ার সাধারণ সম্পাদক ড. মো. নিজাম উদ্দিন জানান, তারা গাড়িগুলো বিশ্ববিদ্যালয়কে দান করতে চান। তবে উপাচার্য পরিবর্তনের পর নতুন উপাচার্যের অনুমতি সংক্রান্ত প্রক্রিয়া এবং তিনি বিদেশে থাকায় এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করা সম্ভব হয়নি। প্রশাসনের সাথে কথা বলে এটি দ্রুত চালুর চেষ্টা চলছে।