রাজশাহী চিড়িয়াখানা নতুন করে সাজানোর উদ্যোগ
স্টাফ রিপোর্টার: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার কারণে ধ্বংসের পথে বসা রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনোদনের এই ঐতিহ্যবাহী কেন্দ্রটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক রূপ দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, এক সময় রাজশাহীর মানুষের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র ছিল এটি। কিন্তু বিগত সরকারের অনিয়মের কারণে আজ এর অস্তিত্ব বিলীন হতে চলেছে। তবে দ্রুতই এই ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এ সময় সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান রাসিক প্রশাসক।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ, ইমামদের সম্মানি প্রদান সহ বিভিন্ন জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জনগণের সরকার স্বল্প সময়ে জনগণের কল্যাণে অনেক কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে পরিদর্শনে এসেছি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সঙ্গে আছেন। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়।
রাসিক প্রশাসকের প্রশংসা করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বল্প সময়ের মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনসহ নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। রাজশাহীতেও ব্যাপক বৃক্ষরোপণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়খানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পবা উপজেলা পরিষদে প্রতিমন্ত্রীর নিম চারা রোপণ:
এদিকে, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল সোমবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি চারাটি রোপণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান এবং সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বস্তরের জনগণকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের উদ্যোগ:
রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্কটির আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল সোমবার বিকেলে পার্কটির সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন। এ সময় তাঁর সাথে ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











