কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান উৎসব
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে পাপমোচন ও আত্মশুদ্ধির প্রত্যাশায় দেশের বিভিন্ন প্রান্তের হাজারো পুণ্যার্থী এই স্নান ও পূজায় অংশ নেন। উৎসবকে কেন্দ্র করে কানসাট গঙ্গা আশ্রম ও গুজরঘাট এলাকায় মেলা বসে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।











