ঢাকা | জুন ২৪, ২০২৬ - ২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিএনপি-যুবদলের মিছিল, আ’লীগকে ‘প্রতিহতের’ ঘোষণা

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, হত্যা, গুম, খুন ও নৈরাজ্যের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার নগরীতে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কাদিরগঞ্জ কড়াইতলা মোড় থেকে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলে তারা পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। মিছিল নিয়ে তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগের সেদিন আর নাই। এখন কোন ধর্ষক, লুণ্ঠনকারী ও খুনিকে আর কেউ রাজপথে দেখতে চায় না। পতিত সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলো। তারা গণতন্ত্রকে  ধ্বংস করে গেছে। বিচার বহির্ভূত খুন ও গুম করেছে। ঐ স্বৈরাচারী দলকে আর এদেশের মানুষ চায় না। যে কাজ রাজশাহীর জনগণ চায় না। সে কাজটি রাজশাহী মহানগর বিএনপিও চায় না।

তিনি আরো বলেন, জনগণ ও বিএনপি আর কোন সন্ত্রাসীকে দেখতে চায় না। যদি ঐ আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা যায়, তাহলে তাদেরকে পাকড়াও করে আইনের নিকট সোপর্দ করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান ও কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা রিপন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ, সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আমিন সঞ্চয়, যুগ্ম আহ্বায়ক শিপলু।

এদিকে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন।

‎সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব, এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম প্রমুখ।