গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা আফিফা ইয়াসমিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন।











