ঢাকা | জুন ১২, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

নগরীতে টানা বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় দুর্ভোগ

  • আপডেট: Thursday, June 11, 2026 - 9:46 pm

স্টাফ রিপোর্টার: কয়েক দিনের ভ্যাপসা গরম শেষে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীতে টানা বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এই বৃষ্টিতে জলাবদ্ধতার কারনে দুর্ভোগে পড়েছেন মানুষ। এই বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বেলা ১২টা ২০ মিনিটে রাজশাহীতে শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টি ছিলো কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষুলধারে। রাজশাহী আবহাওয়া অফিস বিকেল পোনে ৫টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করে ৩১ মিলিমিটার। বৃষ্টিতে নগরীর বিভিন্ন রাস্তা ও নীচু এলাকাগুলোতে পানি জমে যায়।

এই বৃষ্টিতে মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাসাবাড়ি ও রাস্তার পাশে জমে থাকা পানি নিয়ে দুশ্চিন্তায় পড়েন এলাকাবাসি। মশার উপদ্রব রোধে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জরুরী ভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করার দাবী তাদের।

নগরীর বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, সাহেব বাজার জিরো পয়েন্ট, গনকপাড়া, রেলগেট, স্টেশন, বর্নালী মোড়, উপশহর, কোর্টস্টেশন, হড়গ্রাম, মহিষবাথান, ভেড়িপাড়া মোড়, সিএন্ডবি, লক্ষিপুর, রামেক হাসপাতালের সামনে, বোয়ালিয়া থানার মোড়, পঞ্চপটি, কেদুর মোড়, বালিয়াপুকুর, ভদ্রাসহ বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় পানি জমে যায়।

স্থানিয়রা অভিযোগ করেন, ড্রেনগুলো দীর্ঘদিন পরিস্কার না করার কারনে পানি সহজে না নামায় দুর্ভোগ আরো বাড়ে। অবশ্য সন্ধ্যার মধ্যেই বেশিরভাগ এলাকার পানি নেমে যায়।

বালিয়াপুকুর এলাকার  ইমরান আলী বলেন, ভ্যাপসা গরম শেষে দীর্ঘদিন পর টানা বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরলেও জলাবদ্ধতার কারনে মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের নিচু এলাকার ড্রেনগুলো নিয়মিত পরিস্কার করলে বৃষ্টির পরের এই দুর্ভোগ অনেকটা লাঘব হয়।

এদিকে হটাৎ করে এই বৃষ্টিতে রাজশাহীর আম চাষিদের গাছ থেকে নামানো আম নিয়ে বিপাকে পড়তে দেখা যায়। বৃষ্টির এ প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।