ঢাকা | জুন ২, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে থাকছে না ম্যাংগো স্পেশাল ট্রেন

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:37 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: এবার আম পরিবহনে স্পেশাল ট্রেন চালু করছে না পশ্চিমাঞ্চল রেল বিভাগ। আয়ের চেয়ে ট্রেন পরিচালনা ব্যয় হয় দ্বিগুণেরও বেশি। এতে রেলের লোকসান হয়েছে প্রায় দেড় কোটি টাকা। রেলের স্পেশাল সেবা নিতে আম বাগানি ও ব্যবসায়ীদের অনাগ্রহ এবং মোটা অংকের টাকা লোকসানের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।

সংশ্লিষ্টরা জানান, ২০২০ থেকে ২০২৪ সাল। ওই বছরগুলোতে আমের ভরা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত; পশ্চিমাঞ্চল রেলওয়ে ঘটা করে চালু করেছিল ম্যাংগো স্পেশাল ট্রেন। উদ্দেশ্য ছিল প্রান্তিক বাগানিদের উৎপাদিত পণ্য কম খরচে রাজধানীতে পৌঁছে দেয়া। কাগজে-কলমে সেই উদ্যোগ যতটা কার্যকরী ছিল, বাস্তব চিত্র ছিল ঠিক তার উল্টো। সূত্রটি জানায়, বাগান বা বাড়ি থেকে স্টেশন পর্যন্ত, আবার স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে আম নেয়ার ক্ষেত্রে পোহাতে হতো ঝক্কি-ঝামেলা। হতো বাড়তি খরচ। সে কারণে ট্রেনের চেয়ে সড়কেই বেশি আস্থা রেখেছেন বাগানিরা। ফলে রেলওয়ের এই স্পেশাল সার্ভিসের ট্রেনগুলো ফাঁকা যাতায়াত করতো।

ব্যবসায়ীদের দাবি, বিশেষ সেবা বলা হলেও, পুরো কার্যক্রম ছিল অপরিকল্পিত। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, লাভ-লোকসানের বিষয় নয় এটি। চাষি, ব্যবসায়ীদের স্বার্থে এই ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু পণ্য স্টেশনে নিয়ে যাওয়া, ট্রেনে তোলা, ঢাকায় নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া; সব মিলিয়ে বাড়তি ব্যয় হতো। আসলে এই উদ্যোগ খুব বেশি পরিকল্পনা করে নেয়া হয়নি। সেসময় রেল বিভাগ ব্যবসায়ীদের এ নিয়ে আলোচনাও করেনি। ফলে এটি ফলপ্রসূ হয়নি।’

রেল বিভাগ থেকে জানানো হয়েছে, গত ৫ বছরে স্পেশাল এসব ট্রেন থেকে রেলওয়ে আয় করেছে প্রায় অর্ধকোটি টাকা। এর বিপরীতে জ্বালানি তেল, স্টাফদের বেতন ও অন্যান্য ব্যয় প্রায় দুই কোটি টাকা। আম পরিবহনে রেলওয়ের লোকসান প্রায় দেড় কোটি টাকা। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, আম বাগানি ব্যবসায়ীদের অনীহা এবং বিপুল অংকের আর্থিক ক্ষতিতে, এবার স্পেশাল ট্রেন সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। ঢাকার বাজারে কৃষিপণ্যের পরিবহন খরচ কমানোর লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ২৬ অক্টোবর চালু হয় স্পেশাল ট্রেন।