ঢাকা | জুন ২, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:37 pm

মোজাম্মেল হক, চারঘাট থেকে: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন।

সোমবার বিকেলে উক্ত এলাকার সর্বসাধারণ জনগনের আয়োজনে এবং শাকিল আহমেদ শাওন এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে উপজেলার খোর্দ্দগোবিন্দপুর লাঠিয়াল দল এবং পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের সাবাজপুর লাঠিয়াল দল এই দুটি লাঠি খেলা দল তাদের চমৎকার কৌশল, শৈল্পিক নৈপুণ্য ও মনোমুগ্ধকর প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। ঢাক-ঢোলের তালে তালে খেলোয়াড়দের নানা ধরনের কসরত ও লাঠির কৌশল উপস্থিত জনতাকে আনন্দে উদ্বেলিত করে তোলে।

খোর্দ্দগোবিন্দপুর গ্রামের লাঠি খেলার কমিটির সভাপতি আব্দুল গফুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও লাঠি খেলার কমিটির সদস্য মোজাম্মেল হক, সরদহ ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য ইমরান আলী, সরদহ ইউপি সদস্য ঝর্না বেগম, সাবেক ইউপি সদস্য বেনু বেগম, লাঠি খেলার কমিটির সদস্য সোহেল রানা বিটুল সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। ঐতিহ্যের ধারক-বাহক এই লাঠি খেলা ঘিরে উপজেলার খোর্দ্দগোবিন্দপুরে ছিল উৎসবের আমেজ, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সবশেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।