ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ৮:১৮ অপরাহ্ন

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শহর শিক্ষার জন্য একটি গর্বের স্থান এবং শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং এই উপমহাদেশেই শিক্ষার প্রসারে রাজশাহীর নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়।

শনিবার বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষকরাই পারেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে আনতে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে। শিশুদের সফলতার পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য । তিনি শিক্ষকদের দায়িত্বকে একজন কুমারের কাজের সাথে তুলনা করেন, যারা মাটি দিয়ে তিলে তিলে একটি সুন্দর রূপ তৈরি করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক হায়াতুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে কিণ্ডার গার্টেনের শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা অংশগ্রহণ করেন। পরে ভূমিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন।