রাজশাহীতে ‘১১ দলীয় ঐক্য’র সমাবেশ শনিবার
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে শনিবার ১৬ মে রাজশাহীতে ‘১১ দলীয় ঐক্য’র সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্য’। এ উপলক্ষে বৃহস্পতিবার নগরীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নগরীর কুমারপাড়া এলাকার এক হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের জনগণ বর্তমানে নানা সঙ্কটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। জনগণ এ পরিস্থিতির পরিবর্তন চায় এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।
নেতৃবৃন্দ তিনটি মৌলিক দাবি তুলে ধরে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণ। জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়েই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।











