ঢাকা | মে ১৪, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

রাণীনগরে হাটে নেমেই পকেটমারের শিকার ক্রেতা, খোয়ালেন কোরবানির ১ লাখ টাকা

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:15 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ঐতিহ্যবাহী আবাদপুকুর হাটে কোরবানির গরু কিনতে এসে পকেটমারের শিকার হয়েছেন নূরুজ্জামান (৪২) নামে এক ব্যক্তি।

বুধবার বেলা ১১টার দিকে হাটে প্রবেশের পরপরই তার প্যান্টের পকেট থেকে গরু কেনার এক লাখ টাকা চুরি হয়ে যায়। নূরুজ্জামান বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নাজমুল হকের ছেলে।

নূরুজ্জামান জানান, ৫ জন অংশীদার মিলে এবার কোরবানির গরু কেনার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক গরু পছন্দ করতে আজ বেলা ১১টার দিকে তারা আবাদপুকুর হাটে পৌঁছান। কিন্তু হাটে নামার কিছুক্ষণ পরেই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন সঙ্গে থাকা ১ লাখ টাকা নেই।

মুহূর্তের মধ্যেই টাকাগুলো পকেটমার হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানানো হলেও টাকা উদ্ধার বা কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। কষ্টের জমানো টাকা হারিয়ে তিনি এখন চরম বিপাকে পড়েছেন।

আবাদপুকুর হাটের ইজারাদারের অন্যতম অংশীদার হাজের আলী জানান, পকেট থেকে টাকা চুরির বিষয়টি তারা শুনেছেন।

তিনি বলেন, টাকা উদ্ধারের কোনো সুরাহা করা সম্ভব হয়নি। হাটে আসার পর টাকা সাবধানে রাখা এবং জাল টাকা শনাক্ত করে লেনদেন করার জন্য আমরা শুরু থেকেই মাইকিং করে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করছি। এরপরও অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, টাকা চুরির বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।