ঢাকা | মে ১৪, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

বাগমারায় সাজাপ্রাপ্ত আসামি এক বছর অনুপস্থিত, তবুও তুলছেন বেতন!

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:14 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় এক সাজাপ্রাপ্ত আসামি এক বছর ধরে কলেজে অনুপস্থিত থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত আইয়ুব আলী উপজেলার নন্দনপুর টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজের ল্যাব সহকারী। প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় ছয় মাসের কারাদণ্ড হওয়ার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ল্যাব সহকারী আইয়ুব আলী বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের আব্দুল মজিদকে বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করায় ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেয়। এ নিয়ে গ্রাম্য সালিশে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে আইয়ুব আলী একটি চেক প্রদান করেন, যা ব্যাংকে ডিজঅনার হয়।

পরবর্তীতে ২০২০ সালের ১৪ অক্টোবর ভুক্তভোগীর বাবা আদালতে ১৮৮১ সালের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ৬ জুন রাজশাহীর অতিরিক্ত যুগ্ম দায়রা জজ আদালত-১-এর বিচারক শরিফুল ইসলাম আইয়ুব আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত সমপরিমাণ টাকা পরিশোধের আদেশ দেন।

আদালতের রায়ের পর থেকেই গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে যান আইয়ুব আলী। গত এক বছর ধরে তিনি কলেজে সম্পূর্ণ অনুপস্থিত এবং হাজিরা খাতায় তার কোনো স্বাক্ষর নেই। অথচ অভিযোগ উঠেছে, কলেজ কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে তিনি নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন। এই ঘটনায় তার শাস্তি ও চাকরি থেকে বরখাস্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত আইয়ুব আলীর এক বছর ধরে অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। তিনি বলেন, আইয়ুব আলী অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে আত্মগোপন করেছেন। তবে তার বেতন বন্ধের বিষয়ে এখনো কোনো দাপ্তরিক আদেশ আমরা পাইনি।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ এ বিষয়ে জানান, বিষয়টি নজরে এসেছে। চলতি মাস থেকেই অভিযুক্ত ল্যাব সহকারীর বেতন-ভাতা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।