আত্রাইয়ে সড়ক নির্মাণ কাজে বাঁধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন
বাগমারা প্রতিনিধি: আত্রাই উপজেলার থলওলমা ও ভাগসুন্দর এলাকায় সড়ক নির্মাণ কাজে বাধা সৃষ্টি এবং চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার সকাল ১০টায় নওগাঁ-নাটোর সংযোগ সড়কের থলওলমা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন আত্রাই থেকে নওগাঁ ও নাটোরে যাতায়াতের জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কের ১২৩০ কি: মি: পাকাকরণের কাজ চলছিলো। কিন্তু স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ও কথিত কয়েকজন সাংবাদিক ঠিকাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।
এ নিয়ে বিরোধের জেরে ঠিকাদার নির্মানকাজ বন্ধ করে দেন। এলাকাবাসীর দাবি সময় মত রাস্তার কাজ সম্পন্ন না হলে জরুরী চিকিৎসা সেবাসহ এলাকার ব্যবসা, বাণিজ্য ও শিক্ষার্থীরা চলাচলে চরম দূর্ভোগে পড়বে। মানববন্ধবে বক্তব্য দেন- থলওলমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি মিক্ষক আলতাফ হোসেন ও স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রাকিব প্রমুখ।
বক্তারা অবিলম্বে নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।










