ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:৩০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যকে মারধর ঢাকায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • আপডেট: Saturday, May 9, 2026 - 10:08 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার উত্তরার পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে ১২ দিন আত্মগোপনে থাকার পর গোমস্তাপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-র যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল নাচোল থানার কনস্টেবল শওকত হোসেন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল (মবিল) কিনতে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় অবস্থিত মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান। এ সময় পাম্পের মালিক আব্দুল্লাহ আল রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন।

আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তার বাবা আশরাফ হোসেন বিএনপি নেতা ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দেয়ার দায়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার দিনই ফিলিং স্টেশনের ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে, চাঁপাইনবাবগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আব্দুল্লাহ আল রায়হানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।