ঢাকা | মে ২১, ২০২৬ - ১:৪১ অপরাহ্ন

শ্রম শোষণমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের প্রধান লক্ষ্য: জেলা পরিষদ প্রশাসক

  • আপডেট: Friday, May 1, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক মে দিবসের মহান চেতনাকে ধারণ করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

তিনি বলেন, “রক্তস্নাত মে দিবস আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়; তাই শ্রম শোষণমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”

আজ শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন।

বাণীতে তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে-মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনা বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ ঘটনায় বহু শ্রমিক প্রাণ হারান, যা পরবর্তীতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করে। একসময় শ্রমিকদের প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতো এবং তারা মানবেতর জীবনযাপন করতেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস” স্বীকৃতি লাভ করে। সেই ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিকে ধারণ করেই মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোনালী/জগদীশ রবিদাস