ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

শিবগঞ্জে গ্রাম আদালতের জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:09 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড় বাজারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায়, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ ও বাংলাদেশ সরকার এ অনুষ্ঠানের আয়োজন করে। মাঠ পর্যায়ে প্রকল্পটির সহযোগিতায় রয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন সায়েম, রশিদ, তোজাম্মেল হকসহ ইউপি সদস্যরা। বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে এখন সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। গ্রামের সাধারণ মানুষের জন্য এটি একটি সহজ, সাশ্রয়ী ও কার্যকর বিচার ব্যবস্থা।

ফলে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য এখন আর সাধারণ মানুষকে জেলা আদালত বা থানায় দৌড়ঝাঁপ করতে হবে না। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের কার্যকারিতা এবং আইনি সেবা পাওয়ার প্রক্রিয়া জনসাধারণের সামনে তুলে ধরা হয়। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হিসেবে আমিনুল ইসলাম ও কাজী মামুনুর রশিদ স্থানীয় পর্যায়ে এই কার্যক্রম তদারকি করছেন।