তিন দশকের ‘টোল-পাস’ থেকে মুক্তি চায় চাঁপাইনবাবগঞ্জবাসী
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রবেশদ্বার মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায়কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। দীর্ঘ ৩৩ বছর ধরে চলমান এই টোল আদায়কে ‘অর্থনৈতিক বৈষম্য’ ও ‘অমানবিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে জেলাবাসী। দাবি না মানলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রেহাইচরে সেতুসংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’র ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন-পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, শিক্ষক, আইনজীবী ও দলিল লেখক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তাদের প্রধান অভিযোগ হলো, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে টানা তিন দশকেরও বেশি সময় ধরে এই সেতুতে টোল আদায় করা হচ্ছে। সাধারণত একটি সেতুর নির্মাণ ব্যয় উঠে আসার পর টোল বন্ধ হওয়ার নিয়ম থাকলেও, এখানে তার ব্যতিক্রম ঘটছে। বক্তাদের মতে, এই দীর্ঘমেয়াদী টোল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর বাড়তি অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও টোল প্লাজায় দীর্ঘ যানজটের কারণে সাধারণ মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে।
এ সময় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আলমগীর কবির, জেলা ট্রাক টাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান ননিসহ অন্যরা।











