ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিলুপ্তির পথে বাবুই পাখি ও বাসা

  • আপডেট: Tuesday, April 28, 2026 - 9:00 pm

সোনালী ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে তালগাছের স্বল্পতা আর প্রাকৃতিক বিপর্যয়ে প্রকৃতির কারিগর গ্রামবাংলার ঐতিহ্য বাবুই পাখি ও তার বাসা বিলুপ্তির পথে। তালগাছের পাতায় নিপুণ কারুকাজে এই পাখি গড়ে তুলত তার সুন্দর বাসা, যা গ্রাম বাংলার প্রকৃতির এক অপূর্ব অংশ ছিল। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিবেশে বাবুই পাখি বিলুপ্তির পথে। একসময় গ্রামবাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন ছিল বাবুই পাখির বাসা। আজ তা হারাতে বসেছে।

কবির ভাষায়, ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, ‘কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই’ হ্যাঁ আবহমান গ্রাাম বাংলার বাসা তৈরির যে নিঁখুত কারিগর, কবির কালজয়ী ‘স্বাধীনতার সুখ’ কবিতার নায়ক সেই বাবুই পাখি শিল্পের বড়াই করতেই পারে।

তবে তালগাছের স্বল্পতা আর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাবুই পাখি আজ নিজেই অন্তিত্ব সংকটে আছে বলে মনে করেন অনেকেই। কালের বিবর্তনে বিলীন হতে বসেছে বগুড়ার আদমদীঘি উপজেলার গ্রামগঞ্জে খড় দিয়ে বানানো তালগাছে গ্রামবাংলার ঐতিহ্যের বাবুই পাখির বাসা। যেখানে সর্বদা একসময় বাবুই পাখির কলতানে মুখরিত থাকত এ উপজেলার বিভিন্ন গ্রাম। তালগাছ নিধনের ফলে বাসা হারিয়ে বিলীনের পথে বাবুই পাখি।

জানা যায়, আদমদীঘি উপজেলায় একসময় গ্রাম-বাংলার মাঠের ধারে, সড়কের দুই পাশে, পুকুর পাড়ে কিংবা মাঠের পাশে দেখা মিলত সারি সারি তাল গাছ। সেখানে বুননশিল্পী বাবুই পাখির ঝুলন্ত বাসাও সবার নজর কাড়ত। সেই তালগাছ আর বাবুই পাখির বাসা দুটোই আজ হারিয়ে যাচ্ছে। একসময় গ্রামগঞ্জে, এমনকি শহরতলীতেও অনেক তালগাছ দেখা যেত। সেসব তালগাছে ঝুলে থাকত হাওয়ায় দোদুল্যমান বাবুই পাখির বাসা। একটি তালগাছে একসঙ্গে ১৫-২০টি বাসা ঝুলে থাকতে দেখা যেতো তালগাছগুলোতে।

তবে এগুলো এখন অতীত চিত্র। বর্তমানে না দেখা যায় তালগাছ, না দেখা যায় তালগাছে ঝুলন্ত বাবুইয়ের বাসা। শুধু তালগাছ নয়, নারকেল, সুপারিসহ নানান দীর্ঘ বৃক্ষেই বাসা বাঁধে বাবুই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব গাছ কমে যাওয়ায় আবাসন নিয়ে চরম সংকটে পড়েছে এই পাখি। যার ফলে চরম অন্তিত্ব সংকটের মধ্যে পড়েছে এই সময়ের বাবুই পাখি। ঝুঁকি জেনেও অনেকটা বাধ্য হয়েই যেন অনিরাপদ জায়গায় আবাস গড়ে তুলছে পাখিগুলো। দিনদিন তালগাছ নিধন আর প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের কবলে পড়ে বাসা হারিয়ে বিলীনের পথে বাবুই পাখি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ জানায়, বাবুই পাখি প্রকৃতির এক নিখুঁত কারিগর, তালগাছের স্বল্পতা আর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাবুই পাখি ও তার বাসা হারিয়ে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা এবং পাখপাখালির কোনো বিকল্প নেই।