ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

দুই মাসেই প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনেকাংশে বাস্তব: রিটন

  • আপডেট: Tuesday, April 28, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, “নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রধান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নজিরবিহীন তৎপরতা দেখাচ্ছে বর্তমান সরকার। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু হওয়া সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে।”

রিটন বলেন, “সরকার গঠনের অল্প সময়ের মধ্যে এমন পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।”

গতকাল সোমবার মহানগরীর ২৩ নং ওয়ার্ডবাসীর আয়োজনে নগরীর খরবোনা কালু মিস্ত্রির মোড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ওয়ার্ডবাসী তাদের এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। নাগরিক সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে নাগরিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

সভায় রাসিক প্রশাসক আরো বলেন, ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার স্প্রে কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও মশক নিধনে ফগার স্প্রে শুরু হবে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট ফয়সাল আলম নয়নের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে রাজশাহী মহানগরীর সোনাদিঘি জামে মসজিদ সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল সোমবার বিকেলে পরিদর্শনকালে রাসিক প্রশাসক নগরীর উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, স্থপতি জহুরুল আনোয়ার অনন্তসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার এবং মসজিদের মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।