ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী ক্যাডেট কলেজে ৪৬ পরীক্ষার্থীর সবারই ‘গোল্ডেন ৫’

  • আপডেট: Saturday, October 31, 2026 - 11:35 pm

স্টাফ রিপোর্টার: সারাদেশ ও শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ও পাসের হার কমে যাওয়ার চিত্র দেখা গেলেও বরাবরের মতো নিজেদের শতভাগ সাফল্যের ধারা অক্ষুণ্ন রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ।

এবারের এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে অংশ নেয়া ৪৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে, যার মধ্যে প্রত্যেকেই ‘গোল্ডেন জিপিএ-৫’ পেয়ে অনন্য নজির স্থাপন করেছে।

গতকাল শনিবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

সাফল্যের এই ধারাবাহিকতা নিয়ে কথা বলতে গিয়ে অধ্যক্ষ বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এই প্রতিষ্ঠানে শুধু প্রথাগত পড়াশোনাই নয়, বরং ক্যাডেটদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য নিয়মিত মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়। পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সামগ্রিক শিক্ষার পরিবেশ ক্যাডেটদের জ্ঞান-গরিমায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতেও এই কর্মধারা ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে রাজশাহী ক্যাডেট কলেজের পক্ষ থেকে সকলের আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।