লাইফস্টাইলে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত অংশীদারত্ব
সোনালী ডেস্ক: দেশের সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘হাল ফ্যাশন’ এবং বিজ্ঞাপনী সংস্থা ‘এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড’-এর মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছে।
বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানো, বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের।
সময়ের সঙ্গে পরিবর্তিত ভোক্তাদের রুচি ও জীবনযাত্রার ধরনকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, ডিজিটাল কনটেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে। চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান সই করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে যৌথ লক্ষ্য ও ভবিষ্যতের সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।











