ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: ভবন নির্মাণের সময় বিধিবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্টদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, এ নিয়ে বিধিমালা তৈরি করে সংসদে পাঠিয়েছিলাম। পরে সেটি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ একটি কমিটি করা হয়েছে। বিধিমালা চূড়ান্ত হলে সারাদেশের উন্নয়ন কর্তৃপক্ষ আরও শক্ত অবস্থানে থেকে আইন বাস্তবায়ন করতে পারবে।

সুইমিংপুল ভাঙতে গিয়ে আরডিএ চেয়ারম্যানকে হুমকি দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি আমার জানা আছে। প্রশাসনিক পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ধরনের আইনবহির্ভূত কাজ করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে।

অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে নম্বরসংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে বুধবার সকাল থেকে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী। দুপুরে সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। এ সময় আবাসিক এলাকায় ফলজ বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

পরে নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, অর্থরাইজড অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল তারিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।