রাজশাহীতে ২২ গ্রামীণ নারীকে সম্মাননা
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার বিলনেপালপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ২২ জন গ্রামীণ নারীকে ‘গ্রামীণ নারী সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে।
কৃষি ও খাদ্যবৈচিত্র্য সংরক্ষণ, দেশি বীজের বিস্তার, এগ্রোইকোলজি চর্চা ও নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতায় অবদানের জন্য বুধবার এই সম্মাননা দেওয়া হয়।
বারসিক ও গ্রিন কোয়োলিশনের আয়োজনে এবং গ্রিন কোয়োলিশনের পবা উপজেলা সভাপতি মোসা. রহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা বৈচিত্র্যময় সবজি চাষ, দেশি বীজ সংরক্ষণ, ভার্মিকম্পোস্ট উৎপাদন ও পরিবেশবান্ধব চুলার ব্যবহার প্রসারে নিজেদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। আয়োজকরা জানান, গ্রামীণ নারীদের জ্ঞান ও অবদানকে সামাজিক স্বীকৃতি দেওয়া এবং পরিবেশবান্ধব কৃষির প্রসারে তাদের নেতৃত্বকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।











