ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

হাতেমখাঁ-বর্ণালী সড়ক সংস্কার সম্পন্ন, স্বস্তিতে নগরবাসী

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর হাতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দেয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।

বুধবার দুপুরে রাসিক প্রশাসক কার্পেটিংয়ের কাজ ও সড়কের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং উন্নয়নকাজের গুণগত মান যাচাই করেন। পরিদর্শনকালে কাজের যথাযথ ফিনিশিং নিশ্চিতকরণ ও কার্পেটিংয়ের মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন এবং নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সড়কটি পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবে স্থবির হয়ে পড়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন রাসিক প্রশাসক।

দীর্ঘদিন পর সড়কের কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. ফয়সাল আহমেদ ও মো. রহিম জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন প্রশাসক দায়িত্ব নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়ায় ভোগান্তির অবসান ঘটেছে। রিকশাচালক আজিজুল ইসলাম বলেন, “রাস্তাটি রিকশা চালানোর অনুপযোগী ছিল। এখন কাজ শেষ হওয়ায় সহজে যাত্রী নিয়ে চলাচল করতে পারছি।”