ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

নিরাপদ সড়ক দিবসে রাজশাহীতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) রাজশাহী জেলা শাখা।

বৃহস্পতিবার রাত ৮টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ। ৩০ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

উপস্থিত ছিলেন সভাপতি ড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচির মধ্যে রয়েছে—সড়ক ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা, ঝুঁকিপূর্ণ স্থানে সড়ক সাইন স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ অভিযান, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, চালক ও বাইকারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান।

সংবাদ সম্মেলন থেকে রাজশাহী নগরীর সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক ব্যবস্থা সংস্কারে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক সিগন্যাল চালু করা, অনুমোদনহীন ও বহিরাগত অটোরিকশা চলাচল বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত করা, লাল-সবুজ শিফট প্রথা কঠোরভাবে বাস্তবায়ন করা এবং চালকদের প্রাতিষ্ঠানিক লাইসেন্সের আওতায় নিয়ে আসা।