ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭০

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক দমনে রাজশাহী রেঞ্জ এবং মহানগর এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় পরিচালিক অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) চার মাদক কারবারিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই সময়ে রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকা থেকে মাদক ও বিভিন্ন পরোয়ানার ভিত্তিতে মোট ১৭০ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেঞ্জ কার্যালয় ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জ পুলিশ গত ২৪ ঘণ্টায় আটটি জেলায় মোট ১৪৫টি গ্রেপ্তার ও উদ্ধার অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩৭ জন, সাজাপ্রাপ্ত ৩ জন, তদন্তাধীন মামলায় ৮৬ জন এবং অন্যান্য অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ১০ জনসহ মোট ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় মাদক সংক্রান্ত মামলায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেঞ্জ পুলিশের উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ গ্রাম হেরোইন, ৭৬৮ পিস ইয়াবা, ১২০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ কেজির বেশি গাঁজা ও ১০ লিটার চোলাই মদ। এ সময় রেঞ্জজুড়ে চুরি ও অন্যান্য খাতে ৩২টি মামলা এবং ৮টি অপমৃত্যু রেকর্ড করা হলেও বড় কোনো অপরাধের ঘটনা ঘটেনি। এছাড়া বিগত ২৪ ঘণ্টায় ১,০৫৬ জন নাগরিককে সরাসরি পুলিশি সেবা প্রদান করা হয়েছে বলে রেঞ্জ মিডিয়া সেল নিশ্চিত করেছে।

এদিকে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে নগর পুলিশ (আরএমপি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৪ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ৮ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পিপিএম।

অন্যদিকে, নগরীতে পরিচালিত পৃথক অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মেহেদী হাসান পল্লব (২৪), বিপ্লব ওরফে বিপু (২৪) ও মোঃ শাহাদত হোসেন (২৫) নামের তিনজনকে এবং ২৫ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান রুমন (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে হাজির করা হলে আসামিরা অপরাধ স্বীকার করায় সংক্ষিপ্ত বিচারে আদালত প্রথম তিনজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রুমনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ এবং অপরাধ দমনে এ ধরনের কঠোর আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।

সোনালী/জগদীশ রবিদাস