নগরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনযাপনের উপযোগী ব্যবস্থা নতুন করে ভাবনা’—এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, রাজশাহী শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় নগরীর সাহেববাজারের হোটেল নাইসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে হোটেল নাইসের মিলনায়তনে প্রবীণদের সম্মান, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, প্রবীণরা সমাজ ও পরিবারের এক অমূল্য সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। প্রবীণদের সম্মান, পর্যাপ্ত নিরাপত্তা, আধুনিক স্বাস্থ্যসেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মানুষের গড় আয়ু বৃদ্ধির ইতিবাচক দিক তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজে প্রবীণদের সংখ্যাও ক্রমবর্ধমান। তাই তাঁদের প্রাত্যহিক প্রয়োজন ও অধিকারকে প্রাধান্য দিয়ে সর্বক্ষেত্রে প্রবীণবান্ধব পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। একই সঙ্গে প্রবীণদের একাকিত্ব দূরীকরণ, নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় সম্পৃক্ততার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সভাপতি ডা. ডি. এম. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া।
সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি ও সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী ও শের শাহ, সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীর, নির্বাহী সদস্য ডা. ওয়াসীম হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক সাহারুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের সামাজিক সুরক্ষা বৃদ্ধির জোর দাবি জানান এবং দীর্ঘায়ু মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে একটি প্রবীণবান্ধব সমাজ পুনর্গঠনের আহ্বান জানান।
সোনালী/জগদীশ রবিদাস











