ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

জমির বিবাদের জেরে বিষ প্রয়োগে ৩ বিঘা ধানক্ষেত নষ্টের অভিযোগ

  • আপডেট: Saturday, September 19, 2026 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমির বিবাদ থাকায় ও চলমান আদালতের মামলার জেরে রোপণকৃত ৩ বিঘা ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বর্গাচাষী রফিকুল ইসলাম চারজনের নাম উল্লেখ করে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ৫৭৮, তারিখ: ১২-০৯-২০২৬) দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার তালাই মৌজার (জে.এল নং- ৩২৬ আর এস, প্রস্তাবিত খতিয়ান ২৮০/১, আর.এস. দাগ ২১৯৯) ১.৯৯ একর জমির মূল মালিক আলহাজ আবু বাক্কার আলীর নিকট হইতে বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছিলেন তালাই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম।

উক্ত জমির ব্যাপারে আসাদুল ইসলাম (৬০) বিজ্ঞ অতিরিক্ত রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৬২ পি/২০২৫ (গোদাগাড়ী) মোকদ্দমা দায়ের করেন, যাহা চলমান রয়েছে। এছাড়া রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩, গোদাগাড়ী আমলী মামলা নং- ১০৪২ পি/২০২৫ বিদ্যমান রয়েছে।

অন্যদিকে, ৩০/১০/১৯৮১ সালে সলিম সরদার, পাতানী সরদারনী ও যোগেন সরদারকে বিবাদীয় জমি ও অন্যান্য দাগের জমি সহ দেখাশুনা, রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য ২২৮২৭ নং আমমোক্তারনামা দলিল প্রদান করেন—যাহা ০৬/০৭/১৯৮৭ সালে সলিম মৃত্যুবরণ করিলে পাওয়ার অব অ্যাটর্নি আইনের ধারা (৩)-এর ‘চ’ অনুযায়ী উক্ত আমমোক্তারনামা বাতিল হয়ে যায়। তথাপি জনৈক আব্দুর রশিদ ও মৃত জয়নুদ্দিন মিথ্যা ও প্রকৃত তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে ০৩-০১-১৯৯০ ইং তারিখে ৮০/১৯৯০ দলিল মূলে বিবাদীয় জমিসহ ৩.১৩ একর জমি রেজিষ্টারী করে নেয়।

অভিযোগে উল্লেখ করা হয়, মামলার জেরে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১০.০০ ঘটিকার সময় বিবাদী মো. আসাদুল (৬০), মজিবর রহমান (৫০), আব্দুর রশিদ (৬০) ও মো. খইয়ের (৫৫) বেআইনিভাবে জমিতে প্রবেশ করে। তারা বর্গাচাষী রফিকুল ইসলামের রোপণকৃত ৩ বিঘা ধানক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে ধান গাছ নষ্ট করে দেয়।

এ সময় বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল, লাঠিসোটা নিয়ে মারমুখী আচরণ করে ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে বলে জিডিতে উল্লেখ করা হয়। স্থানীয় মো. শফিক, সাইফুল ইসলাম ও শ্রী সুবুলসহ অনেকে ঘটনাটি দেখেছেন বলে জানা গেছে।

নথি সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের ১৭ই মে দলিল নং- ১৫৪৫৫/৩৩১৮৭-এর মাধ্যমে আব্দুল জব্বারের কাছ থেকে ১.৯৯ একর জমি খরিদ করেন আলহাজ মোঃ আবুবাক্কার আলী। ২১-১০-১৯৭৬ সনে ২২৬৯৬ ডি.সি.আর. মূলে নামজারী (নাম খারিজ) ও ২০২৬-২৭ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করে জোত বহাল রেখে ৫২ বছর যাবত ভোগদখল ও বর্গাচাষে দিয়ে আসছেন।

ঘটনার পর ভুক্তভোগী বর্গাচাষি কৃষক আইনানুগ নিরাপত্তার স্বার্থে গোদাগাড়ী থানায় লিখিত সাধারণ ডায়েরী করেছেন। গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।