ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু পরিবর্তনের অস্ত্রোপচার

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু পরিবর্তনের (টোটাল নি রিপ্লেসমেন্ট) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অস্টিও আর্থরাইটিসে ভোগা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বিবিজান (৬০) নামের এক বৃদ্ধার পায়ে এই অস্ত্রোপচার পরিচালনা করা হয়।

অর্থোপেডিকস সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার তারিক সাবু, ডা. সফিকুল ইসলাম, ডা. সাইদ আহমেদ, ডা. মাতিউল ইসলাম, ডা. সালেহীনসহ চিকিৎসকদের একটি দল এতে অংশ নেন।

ডা. সাবু জানান, রোগীর হাঁটুর হাড় কেটে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অত্যাধুনিক মেটালের একটি কৃত্রিম হাঁটু সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

অধ্যাপক ডা. আলমগীর হোসেন জানান, এই অস্ত্রোপচারের ফলে রোগী আবার স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। এখন থেকে রামেক হাসপাতালে প্রতি সপ্তাহে অন্তত একজন রোগীর এই অস্ত্রোপচার করা হবে, যার ফলে উত্তরবঙ্গের রোগীদের চিকিৎসার জন্য আর ঢাকা বা বিদেশে ছুটতে হবে না।

সোনালী/জগদীশ রবিদাস