ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১৮৩

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে নতুন করে ৫৪টি মামলা দায়ের এবং ২টি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার রাজশাহী রেঞ্জ পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় নতুন দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১টি হত্যা মামলা, ১টি যৌতুকের কারণে হত্যা, ১টি সাইবার নিরাপত্তা আইনে, ৪টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৫টি মামলা রয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ৬টি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়।

রেঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ১৮৩ জনের মধ্যে ৯৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জন সাজাপ্রাপ্ত আসামি, ৫৯ জন তদন্তাধীন মামলার এজাহারনামীয় আসামি এবং ১২ জনকে প্রতিরোধমূলক ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী রয়েছেন।

অভিযানকালে উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি। এছাড়া উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে ২২ গ্রাম হেরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২.২ লিটার বিদেশি মদ এবং ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ।

সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার এবং অস্ত্র ও মাদক উদ্ধারে রেঞ্জের বিভিন্ন এলাকায় মোট ১৪৫টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৩ জন নাগরিক বিভিন্ন ধরনের পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসের এ পর্যন্ত রেঞ্জের থানাগুলোতে সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২২ জনে।

সোনালী/জগদীশ রবিদাস