ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

১৪ কোটি মুঠোফোন বিক্রির মাইলফলক উদযাপন করল সিম্ফনি

  • আপডেট: Thursday, September 10, 2026 - 10:10 pm

সোনালী ডেস্ক: যাত্রা শুরুর ১৬ বছরে ১৪ কোটি ফিচার ও স্মার্টফোন বিক্রির ঐতিহাসিক সাফল্য উদযাপন করেছে দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি মোবাইল।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ অর্জনের ঘোষণা দেওয়া হয়। মাইলফলক স্পর্শ উপলক্ষে নিজেদের গ্রাহকদের থাইল্যান্ড ও ভারত ভ্রমণের বিশেষ সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে জানানো হয়, সিম্ফনির ১৪ কোটিতম ক্রেতা হয়েছেন ময়মনসিংহের মাহফুজা খান, যিনি বিনামূল্যে ব্যাংকক ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া তাঁর আগের দুই ক্রেতা ফরিদপুরের রুবেল হোসেন ও নারায়ণগঞ্জের নাদিয়া আক্তার পাচ্ছেন বিনামূল্যে ভারত ভ্রমণের সুযোগ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি তাঁর স্মৃতিচারণ করে বলেন, ২০০৯ সালে টিউশনির টাকা জমিয়ে তিনি তাঁর জীবনের প্রথম স্মার্টফোন হিসেবে সিম্ফনি কিনেছিলেন।

এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই সিম্ফনির এই অর্জনের মূল চালিকাশক্তি। বিশ্বজুড়ে প্রযুক্ত পণ্যের দাম বাড়লেও সাশ্রয়ী মূল্যে গুণগত মানের মোবাইল ফোন পৌঁছে দিতে সিম্ফনি অঙ্গীকারবদ্ধ।

তিনি জানান, ২০২২ সালে নেপালে মোবাইল রপ্তানি বন্ধ হলেও বিদ্যমান সমস্যার সমাধান হওয়ায় ২০২৭ সালের মাঝামাঝি সময় থেকে পুনরায় বিদেশে রপ্তানি কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ২০০৮ সালে ‘নিউ এক্সপেরিয়েন্স’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সিম্ফনি মোবাইল এবং ২০০৯ সালে গঠিত হয় এডিসন গ্রুপ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক সংযোগ সুবিধার সাথে তাল মিলিয়ে সাশ্রয়ী দামে নতুন প্রযুক্তির স্মার্টফোন উন্মোচন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।