ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১২:৩৯ পূর্বাহ্ন

তানোরে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:53 pm

তানোর প্রতিনিধি: তানোর পৌর এলাকার গোকুল গ্রামে ধানখেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে তানোর থানা পুলিশ ধানখেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে। কৃষকের নাম রসুল মন্ডল (৬০)। তিনি তানোর পৌর এলাকার গোকুল গ্রামের মৃত লকি মন্ডলের পুত্র।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ওই কৃষক। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোকুল গ্রামের এক ব্যক্তি জমির আইলে ঘাট কাটার সময় জমিতে তার লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন।

মৃতের ছেলে আতাউর মন্ডল বলেন, আমরা ১ ভাই ২ বোন সবারই বিয়ে হয়ে গেছে, আমার মা গত ৫ বছর আগে মারা গেছেন। আমার বাবা আমার বাড়িতেই থাকেন। গত শুক্রবার সকালে গ্রামের মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মনে করেছি কোথাও বেড়াতে গেছে। সন্ধ্যার পর গ্রামের লোকজনের মুখে বাবার লাশ জমিতে পড়ে থাকার খবর পেলাম।

তিনি বলেন, যে জমিতে আমার বাবার লাশ পড়েছিলো ওই ২ কাঠা জমি এ বছরই আমাদের গ্রামেরই এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে কটে নিয়ে আমার বাবা ধান চাষ করেছেন। মাঝে মাঝে জমিতে ঘাস নিড়ানির পরিচর্যার জন্য আসেন বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা বলেন মাঝে মাঝে এই ব্যক্তিকে জমিতে আসতে দেখা যায়। স্টোক জনিত কারনে মৃত্যু হতে পারে বলেও ধারণা তাদের।

তানোর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ধানখেত থেকে মৃতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরিবারের বরাত দিয়ে ওসি আরো বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। স্টোক জনিত কারনেও তার মৃত্যু হতে পারে বলে জানান তিনি।