ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১:২৬ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় জমি বরাদ্দের আশ্বাস ভূমিমন্ত্রীর

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলের স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারি খাস জমি এবং রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আসাম কলোনিতে অবস্থিত জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে ভূমিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট জমি বরাদ্দের আবেদন দ্রুত অনুমোদনের জন্য তিনি নিজে রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠাবেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার সংস্থান জরুরি। এজন্য নতুন রাস্তা কিংবা রেললাইনের পাশে সুবিধাজনক সরকারি খাস জমি চিহ্নিত করে দ্রত বরাদ্দের আবেদন করার পরামর্শ দেন তিনি।

পরিদর্শন অনুষ্ঠানে জানানো হয়, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে নগরীর ১১টি স্কুলে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত শিশু পড়ালেখা করছে। এসব স্কুলের অধিকাংশ কার্যক্রম রাজশাহী সিটি কর্পোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। এর আগে মেয়র থাকাকালে ভূমিমন্ত্রী এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্ন সহযোগিতা করেছিলেন।

তবে বর্তমানে টিকাপাড়া গোরস্থান সংলগ্ন জায়গাসহ বেশ কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হতে চলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য স্থায়ী জায়গার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরিদর্শন শেষে জাগো ফাউন্ডেশন স্কুলের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। পরবর্তীতে সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।