ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১২:৫৫ পূর্বাহ্ন

দক্ষতাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার আহ্বান

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে সফল হতে হলে শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই চলবে না, বরং অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। রাজশাহীতে অনুষ্ঠিত এক জব কাউন্সেলিং প্রোগ্রামে বক্তারা তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনের ওপর এ গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আর্থিক সহায়তায় Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় এটি অনুষ্ঠিত হয়। Real Estate & Housing Association of Bangladesh (REHAB)-এর তত্ত্বাবধানে এবং সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আলী বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি চাকরির বাজারের সুযোগগুলো সম্পর্কে সচেতন হতে হবে। প্রশিক্ষণার্থীদের সঠিক ক্যারিয়ার নির্বাচনে এ ধরনের কাউন্সেলিং কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিসেপ-রিহ্যাব প্রোগ্রামের কো-অর্ডিনেটর (জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেজ) লোকমান হোসেন বলেন, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে চাকরির বাজারের সরাসরি সংযোগ স্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে জব প্লেসমেন্ট সেল কাজ করে যাচ্ছে।

সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টারের সেন্টার ইনচার্জ সেখ সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের চাকরির প্রস্তুতি, ইন্ডাস্ট্রির চাহিদা এবং কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।