ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

গ্রামীণফোনের বকেয়া আদায়ে রাজশাহীতে স্মারকলিপি প্রদান

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:40 pm

স্টাফ রিপোর্টার: গ্রামীণফোনের কাছে প্রাপ্য ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা দীর্ঘ ১৬ বছর ধরে না পাওয়ার প্রতিবাদে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল রোববার দুপুর ১২টায় ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সাবেক কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ২০১১ সালে শিল্প প্রতিষ্ঠান সংক্রান্ত এসআরও চ্যালেঞ্জ করে গ্রামীণফোন যে রিট দায়ের করেছিল, পরবর্তীতে তা তারা প্রত্যাহার করলেও সাবেক কর্মীদের আইনি পাওনা বুঝিয়ে দেয়নি। পাওনা পরিশোধের বিষয়টিকে দীর্ঘায়িত করতে একই ইস্যুতে পুনরায় নতুন রিট দায়ের করা হয়েছে, যা শ্রমিকের ন্যায্য অধিকার হরণের অপচেষ্টা বলে মন্তব্য করেন তারা।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০১০ সালের এসআরও-কে পুনরায় চ্যালেঞ্জ করার এই আত্মঘাতী উদ্যোগ শুধু গ্রামীণফোনের সাবেক কর্মীদেরই ক্ষতিগ্রস্ত করবে না, বরং দেশের সমগ্র টেলিযোগাযোগ খাতের বর্তমান ও ভবিষ্যৎ কর্মীদের শ্রম আইনে স্বীকৃত অধিকারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। পুরো টেলিকম খাতের শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা অবিলম্বে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

এ সময় আন্দোলনকারীরা তাদের প্রধান দাবি হিসেবে ১৬ বছর ধরে বকেয়া থাকা আইনগত ৫ শতাংশ পাওনা দ্রুত পরিশোধ, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং শ্রম আইন ও শ্রমিকদের সাংবিধানিক অধিকার কার্যকরভাবে বাস্তবায়নে সরকারের দৃঢ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। কর্মসূচিতে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত থেকে পূর্ণ সংহতি প্রকাশ করেন।