ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে এআই কর্মসূচির উদ্বোধন বৃক্ষরোপণ ও বীমার চেক হস্তান্তর

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল রোববার শিক্ষা, পরিবেশ ও কল্যাণমূলক একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মসূচির উদ্বোধন ও সনদ প্রদান, বিজ্ঞান ক্লাবের বৃক্ষরোপণ অভিযান এবং প্রয়াত কর্মচারীর মৃত্যু বীমার চেক হস্তান্তর অন্যতম।

গতকাল সকালে সিনেট ভবনে ‘এআই ফর অল’-এর আওতায় রাজশাহী বিভাগের ‘এআই নেভিগেটর ২০২৬’-এর সনদ প্রদান, উদ্ভাবিত প্রকল্প প্রদর্শনী এবং শিক্ষকদের জন্য ‘এআই কনফিডেন্ট’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। রাবি ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক প্রফেসর নূরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও সনদ বিতরণ করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

সেন্ড এ লিটল হোপ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, এআই নেভিগেটর-এর বাংলাদেশ প্রতিনিধি মো. সাদমান সাকিব চৌধুরী এবং সেন্ড এ লিটল হোপ-এর সিইও মুজাহিদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম। পরে ‘ঘধারমধঃরহম ঃযব অও ঋঁঃঁৎব’ শীর্ষক একটি সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই-ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। সকালে সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের পশ্চিম চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করে এ অভিযানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এ সময় প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম এবং সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ক্লাবের পক্ষ থেকে বিসিএসআইআর ল্যাবরেটরি হাই স্কুলে দুই শতাধিক চারা বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানানো হয়।

একই দিনে রাবি আইন অনুষদ কার্যালয়ের প্রয়াত উচ্চমান সহকারী রফিকুল ইসলামের মৃত্যু বীমা দাবি বাবদ ১০ লক্ষ টাকার চেক উপাচার্যের নিকট হস্তান্তর করেছে মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। উপাচার্য দপ্তরে উপাচার্য ফরিদুল ইসলামের হাতে এ চেক তুলে দেন মেটলাইফের রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার চঞ্চল মাহমুদ ও শাখা ম্যানেজার মোস্তাফিজুর রহমান। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রয়াত রফিকুল ইসলাম গত ১ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।