ঢাকা | অগাস্ট ৯, ২০২৬ - ১২:৪১ পূর্বাহ্ন

শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে রাজশাহীর মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছের চারা বিতরণ করা  হয়েছে।

শনিবার সকালে রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। ‘একটি চারা, একটি স্বপ্ন-বাংলাদেশ হবে সবুজে আচ্ছন্ন’ প্রতিপাদ্য সামনে রেখে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ মামুনের নির্দেশনায় মতিহার থানা উত্তর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সকাল ১১টায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর রশীদ মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি নেয়া হয়েছে, তা সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষার এ উদ্যোগকে জনসম্পৃক্ত করতে ঘরে ঘরে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন আক্তার সাঈদ, মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এস রানা, মতিহার থানা যুবদলের সাবেক আহ্বায়ক রেজাউল করিম, ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ইয়ার মাহমুদ নিটুল এবং মতিহার থানা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈমুর রহমান দুর্জয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।