ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

কাটাখালী ও দামকুড়ায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী ও দামকুড়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী বাজার সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে বাঘাগামী ‘সোনারবাংলা পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় বাসের ওপরের তাকে থাকা ব্যাগ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে মাদকের মালিক শনাক্ত না হওয়ায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া শেষ করে আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে দামকুড়া থানার জাংগালপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে কাশিয়াডাঙা থানার নগরপাড়া এলাকার ইমামুল ইসলাম ইমন (৩০) ও নবগঙ্গা এলাকার আরিফ আক্তার (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় ইমনের নিকট থেকে ১০ পিস ইয়াবা ও ১টি মোবাইল এবং আরিফের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।