ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর ও টিটিসির অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নতুন ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি একটি আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 শনিবার রাজশাহী বোয়ালিয়া ক্লাবের বিপরীতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুরে টিটিসি অডিটোরিয়ামে ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে পৃথক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা অনুযায়ী রাজশাহীকে একটি জনপ্রিয় ও সমৃদ্ধিশালী মহানগর হিসেবে গড়ে তোলা হবে। নাগরিকদের সব আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। রাসিকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তিনি আশ্বাস দেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী মহানগরীতে থাকা জায়গাগুলো সিটি কর্পোরেশনের উন্নয়নকাজে দ্রুত হস্তান্তর করা হবে।

এর আগে টিটিসির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকরা সমাজের দর্পণ উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, কোনো ছাত্র বিপথগামী হলে তাকে ঘৃণা না করে ভালোবাসা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।

এ সময় তিনি নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সুশৃঙ্খল শিক্ষাঙ্গণ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি টিটিসির জন্য বহুতল ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম ও দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

অনুষ্ঠান শেষে ইনডোর স্টেডিয়াম চত্বরে ভূমিমন্ত্রী একটি বকুল গাছ, রাসিক প্রশাসক কাঠবাদাম গাছ এবং আরএমপি কমিশনার নিম গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, রাসিকের নিজস্ব অর্থায়নে ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে ০.৩১০০ একর জমিতে নির্মিত এ ইনডোর স্টেডিয়ামে বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, টিটিসির অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম ও রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।