ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

মাছ উৎপাদনে রাজশাহীতে ঘটেছে রূপালী বিপ্লব

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে রাজশাহী বিভাগ। রাজশাহীতে গত এক যুগে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব। যা এই খাতকে করে তুলেছে শ্রমঘন।

রুই, কাতলা, মৃগেলসহ কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। এই জেলার ৫১ হাজার ২৫০টি পুকুরসহ অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার টন। স্থানীয় চাহিদা ৬৫ হাজার টন। স্থানীয় বাজারের চাহিদা পুরণ করে উৎবৃত্ত মাছ ট্রাকে বিশেষ পদ্ধতিতে জীবিত অবস্থায় নেয়া হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে।

স্থানীয় সহ বাইরের ক্রেতা, ব্যাপারী ও সুপার সপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। কম সময়ে বেশি লাভের আশায় অনেকেই মাছ চাষে ঝুঁকছেন। মাছের খামার বা পুকুরের মাধ্যমে কমরসংস্থান হয়েছে স্থানীয় লাক্ষাধিক মানুষের। উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসেছেন অনেক শিক্ষিত তরুণ।

স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, এই খাত থেকে ১৭ হাজার খামারির আয় বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি। প্রতিদিন হাত বদল হয় ১০ থেকে ১৪ কোটি টাকা।

রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া জানান, নিরাপদ ও কেমিক্যালমুক্ত মাছ চাষের জন্য সরকারি ভাবে মাছ চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে। রুই বা কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে সামনের সারিত রয়েছে রাজশাহী জেলা।