ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

শ্রমিক ইউনিয়ন ও বাস টার্মিনাল পরিচালনায় ৯ সদস্যের কমিটি গঠন

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:48 pm

স্টাফ রিপোর্টার: নির্বাচন না হওয়া পর্যন্ত রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন ও বাস টার্মিনালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে ৯ সদস্যবিশিষ্ট মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। শ্রমিকদের দুই গ্রুপ থেকে দুজনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন- মোহাম্মদ রজব আলী ও খন্দকার আব্দুস সুবহান সুমন। কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম, সম্রাট হোসেন সাগর, মো. লাবু, সৈয়দ এরশাদ আলী পল্টু, রবিউল হক রবি ও লিটন আলী। তাদের বিভিন্ন দায়িত্বও বন্টন করে দেওয়া হয়েছে।

এর আগে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিদ্যমান অসন্তোষ ও পরিবহন ধর্মঘট নিরসনে জেলা পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবিলম্বে বাস অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে, নির্বাচন না হওয়া পর্যন্ত রাজশাহী থেকে বাস চলাচল ও সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এরই প্রেক্ষিতে গত ১৫ জুলাই আয়োজিত জরুরি সমঝোতা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী। পরবর্তীতে বিভাগীয় শ্রম দপ্তর থেকেও এ সংক্রান্ত রেজুলেশন জারির বিষয়টি নিশ্চিত করা হয়। সেই সিদ্ধান্তের আলোকে শ্রম দপ্তর রাজশাহীর পরিচালকের আহ্বানে শ্রম দপ্তর ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় কমিটি ঘোষনা ও সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়।