ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় পুকুর খননের মাটি নিয়ে বিরোধে নিহত ১

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:23 pm

বাঘা প্রতিনিধি: বাঘা উপজেলায় পুকুর খননের মাটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহার উদ্দিন ঝুন্টু (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নিশ্চিন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৫০) পলাতক রয়েছেন। নিহত শাহার উদ্দিন ঝুন্টু মৃত মোজাহার হোসেনের ছেলে। অভিযুক্ত আবুল কালাম মৃত এরশাদ আলীর ছেলে। তাদের উভয়ের বাড়ি  উপজেলার নিশ্চিন্তিপুর গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সম্প্রতি বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহার উদ্দিন ঝুন্টু গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তিনি মারা যান। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল কালাম পলাতক রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে নিশ্চিন্তিপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বিরোধে জড়িত উভয় পক্ষই বিএনপির কর্মী-সমর্থক।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আবুল কালাম পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।