দুই ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন রাজশাহী নগরী
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পর বর্ষার কাক্সিক্ষত বৃষ্টি এনে দিয়েছে আবহাওয়ার আমূল পরিবর্তন ও নগরজীবনে পরম স্বস্তি। তবে একই সাথে মাত্র দুই ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে রাজশাহী নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে গিয়ে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলজট ও কাঁদাযুক্ত রাস্তার কারণে পথচারী এবং চিকিৎসাপ্রার্থী মানুষদের পোহাতে হয়েছে বাড়তি ভোগান্তি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীতে টানা ভারী বর্ষণ হয়। এতে বিকেল ৫টা পর্যন্ত ৫৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় মোট ৬২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার।
বৃষ্টির পরপরই নগরীর ঐতিহ্যবাহী সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বর্ণালী মোড়, উপশহর, সাগরপাড়া, বোসপাড়া, পঞ্চবটি, টিকাপাড়া, তেরখাদিয়া, আলুপট্টি, কুমারপাড়া, হড়গ্রাম বাজার, কোর্ট স্টেশন চত্বর, মহিষবাথান, ঘোষপাড়া, সিপাইপাড়া ও রেলগেটসহ প্রধান প্রধান রাস্তার নিম্নাংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল কমে যায় এবং জরুরী প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
সবচেয়ে বেশি দুর্ভোগের চিত্র উঠে আসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রধান ফটক থেকে। জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের জলাবদ্ধতার কারণে এসময় চরম বেগ পোহাতে হয়। তবে নগরীর মূল অবকাঠামোগত ড্রেনেজ ব্যবস্থার দ্রুত কার্যকারিতায় অনেক স্থানেই বৃষ্টি থামার প্রায় ৩০ মিনিটের মধ্যে পানি নেমে যেতে দেখা গেছে। কিন্তু অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে রাত ১০টা পর্যন্ত পানির উপস্থিতি থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের।

নগরবাসীদের মতে, নগরীর আধুনিকায়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক বহুগুণ সম্প্রসারিত হলেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সময় ড্রেনগুলোর স্বাভাবিক ধারণক্ষমতা ও জলনিষ্কাশন গতি চ্যালেঞ্জের মুখে পড়ে। ড্রেনে ফেলা প্লাস্টিক বর্জ্য ও পলি জমে থাকা এবং প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে যাওয়াও পানি দ্রুত নেমে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নগরবাসির অভিমত সিটি করপোরেশনের সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত ড্রেন পরিষ্কারের পাশাপাশি নগরবাসীর দায়িত্বশীল আচরণই পারে বর্ষাকালে এই সাময়িক জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করতে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেবল রাজশাহী নয়, রংপুর, সিলেট ও খুলনাসহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ মঙ্গলবারও রাজশাহীসহ দেশের আট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।











