বাঘায় এক বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বাঘা প্রতিনিধি: বাঘার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চলোর সৃষ্টি হয়। মৃতরা হলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও মনিরুলের স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজাটি ভিতর থেকে আটকানো থাকায় আনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পাশের ঘরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেখানে একই বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বাঘা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মনিরুল ইসলাম একজন ভ্যান চালক। তারা নিসন্তান দম্পতি। প্রতিদিনের ন্যায় গত সোমবার সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি আসেন। তাদের লাশের পাশে ঘাস মারা বিষের বোতল পাওয়া গেছে। পুলিশ ধারনা করছেন, তারা উভয়ে এই ঘাস মারা বিষ খেয়ে আত্নহত্যা করতে পারে। তবে কী কারনে আত্নহত্যা করতে পারে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে তাদের মৃত্যুর কারন জানা যাবে।











