ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১২:৩৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা পালিত

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালিত হয়েছে। উৎসবকে ঘিরে দিনব্যাপী নগরজুড়ে ছিল আনন্দ ও সম্প্রীতির আবহাওয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীতে পৃথক দুটি বর্ণাঢ্য রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথে অধিষ্ঠিত জগন্নাথদেবের দর্শন লাভ আত্মিক কল্যাণ ও পুণ্য লাভের অন্যতম মাধ্যম। এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দিরে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও মানবকল্যাণ কামনায় বিশেষ পূজা, রাজভোগ নিবেদন, ভগবদ্গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়। বিকেলে বর্ণাঢ্য সুসজ্জিত রথে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে আসন দিয়ে নগর পরিক্রমা শুরু হলে পুরো এলাকা ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে। শত শত ভক্ত রথের দড়ি টেনে পুণ্য অর্জন করেন।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহীর উদ্যোগে নগরীর রেশমপট্টিস্থ শ্রীশ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ির সামনে থেকে একটি রথযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রথযাত্রার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় ইসকন রাজশাহীর অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রহ্মচারীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের অপর রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়। রথযাত্রাটি নগরীর কুমারপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, রানীবাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথের দুই পাশে অবস্থান নেয়া অসংখ্য নারী-পুরুষ ভক্ত পুষ্পবৃষ্টি ও আরতির মাধ্যমে ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা বিশ্বাস করি, সবাই নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করবে এবং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে একটি মানবিক সমাজ গড়ে তুলবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজশাহীর প্রতিটি নাগরিকের কল্যাণ ও উন্নয়নে কাজ করাই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টু কুমার সরকার, কোষাধ্যক্ষ অশোক কুমার সাহা এবং মহানগর ও থানা বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে রথযাত্রা উপলক্ষে নগরীর সাগরপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় ঐতিহ্যবাহী রথের মেলা বসেছে। মেলায় মাটির তৈজসপত্র, বাঁশ-কাঠের সামগ্রী ও মিষ্টি-মণ্ডার পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা, যা ধর্মীয় উৎসবের পাশাপাশি নগরবাসীর এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।