রাজশাহীতে ব্লু আমব্রেলা দিবসে অংশীজন বৈঠক
স্টাফ রিপোর্টার: ছেলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), ফ্যামিলি ফর এভরি চাইল্ড-এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলের হলরুমে অংশীজন বৈঠক অনুষ্ঠিত হয়। ব্লু আমব্রেলা (নীল ছাতা) দিবস উপলক্ষে বছরব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস এবং সঞ্চালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল। অনুষ্ঠানের শুরুতে ছেলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ বিষয়ক একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপন করা হয়।
উপস্থাপনায় “নীরবতা ভাঙুন, ছেলে শিশুর যৌন শোষণ প্রতিরোধ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিসেফ এর ২০২৪ সালের প্রথম বৈশ্বিক বিশ্লেষণে উঠে আসা তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ছেলে শিশুর প্রতি যৌন সহিংসতার বিষয়টি সামাজিকভাবে উপেক্ষিত থাকায় প্রকৃত পরিস্থিতি আড়ালেই রয়ে গেছে। তাই নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।











