ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়িয়ে আপডেট হতে হবে: রাজশাহীতে আইজিপি

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:30 pm

চারঘাট প্রতিনিধি: সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মত অপরাধ এখন আমদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই।

নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, প্রতিনিয়ত আপডেট হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিক এর মত জ্ঞান অর্জন করতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এসব কথা বলেন। তিনি বলেন, সব প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সব শ্রেণি-পেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশের নবীন সদস্যদের উদ্দেশ্য করে আইজিপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। পুলিশ সদস্যদের আচরণ দ্বারা প্রতিনিয়ত প্রমাণ দিতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তিনি আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’ এই আদর্শকে ধারণ করে দেশসেবার মহান ব্রতে আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান (বেস্ট ক্যাডেট), সাইফুল ইসলাম ( বেস্ট একাডেমিক), তৌকির আহমেদ ( বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ), আশরাফুল ইসলাম (বেস্ট সুইমার) এবং কামরান শেখ  (বেস্ট শুটার)।

সমাপনী কুচকাওয়াজে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।