ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ১:২১ পূর্বাহ্ন

শিরোনাম

র‌্যাব-৫-এর টাউনহল মিটিং: অপরাধমুক্ত সমাজ গঠনে প্রয়োজন জনসম্পৃক্ততা

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:54 pm

স্টাফ রিপোর্টার: অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টা নয়, বরং জনগণের সক্রিয় অংশীদারিত্ব ও সচেতনতা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে রাজশাহীতে মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং দমনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে এক বিশেষ টাউনহল মিটিংয়ের আয়োজন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় একটি নিরাপদ সমাজ গঠনে পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। র‌্যাব-৫-এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিরাপদ সমাজ গড়ে তুলতে জনগণের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। টাউনহল মিটিংয়ে মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও যুব অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

অনুষ্ঠানে র‌্যাব-৫ একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পাঁচ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করে। কর্মপরিকল্পনায় যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর আইন প্রয়োগের মাধ্যমে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নজরদারি ও তদন্ত জোরদার করা, জনগণের অংশীদারিত্বে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়। মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোহাম্মদ শামীম হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি), রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর মনজুরুল কবির পিয়াল।

টাউনহল মিটিংয়ে রাজশাহী কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। বক্তারা তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।