ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান নগর বিএনপি’র

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মার্শাল, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার এবং মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।